Breaking News

এক মাসেও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল



বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তর অঞ্চলের তিন জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের রেল লাইনগুলো গত ১ মাসেও চালু হয়নি। ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন তিন জেলার লাখ লাখ যাত্রী। ঈদ উদযাপন করতে আসা লোকজন তাদের কর্মস্থলে ফিরতে স্টেশনে গিয়ে ট্রেন না পেয়ে বিড়ম্বনার শিকার হচ্ছে। অনেকেই ঝুঁকি নিয়ে লক্কর ঝক্কর লোকাল গাড়িতে ছুঁটছে গন্তব্যস্থলে। ট্রেন চলাচল বন্ধ থাকায় একদিকে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে, অন্যদিকে রাজস্ব হারাচ্ছে রেলওয়ে বিভাগ।

রেলওয়ে সূত্রে জানা যায়, সম্প্রতি সময়ের বন্যায় অন্যান্য এলাকার ন্যায় পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর এলাকায় ব্যাপক ক্ষতি হয়। এতে করে গত ১৩ই আগষ্ট থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও-পীরগঞ্জ টু দিনাজপুর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পঞ্চগড় টু দিনাজপুর রুটের বিভিন্ন এলাকায় রেললাইনের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় বেশকিছু ব্রীজ, কালভার্টের মাটি সরে গর্তের সৃষ্টি হয় এবং রেলওয়ের স্লিপার বাঁকা হয়ে যায়। যার ফলে এ রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।


এদিকে বন্যায় দিনাজপুর-ঢাকার রেল যোগাযোগ দুই সপ্তাহ বন্ধ থাকলেও পরবর্তীতে রেল কর্তৃপক্ষ ওই রুট সংস্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করে। কিন্তু দিনাজপুর থেকে ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় পর্যন্ত কাঞ্চন রুট, পঞ্চগড়ের নয়নে গুরুজ ব্রীজ ও কয়েকটি কালভার্টের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় এসব ক্ষতিগ্রস্থ রেলওয়ের কাজ চলছে মন্থরগতিতে। তাছাড়া রেলওয়ের উদাসীনতা আর দায়িত্বহীনতার কারণে দ্রুতগতিতে এ রুটের সংস্কার কাজ সম্পন্ন না হওয়ায় ১ মাস ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে পঞ্চগড়, নয়নিবুরুজ , রুহিয়া  ঠাকুরগাঁও  ও পীরগঞ্জ উপজেলার পল্লী অঞ্চলের ট্রেন যাত্রীরা পঞ্চগড়, স্টেশনে এসে ট্রেনের কোন খবর পাচ্ছেন না। এতে করে প্রতিনিয়তই  স্টেশন এসে বিপাকে পড়ছে শত শত যাত্রী।

No comments