কলেজ জাতীয়করণের দাবিতে পঞ্চগড়ে মহাসড়ক অবরোধ
পঞ্চগড়ের ১২৯ বছরের পুরনো ও ঐতিহ্যবাহী বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ জাতীয়করণের দাবিতে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার সকালে তারা বোদা বাসস্টান্ডে প্রায় ১ ঘন্টা পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধে মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। এতে দুর্ভোগে পড়েন পথচারীরাও।
অবরোধে সংক্ষিপ্ত সমাবেশে স্কুল জাতীয়করণ সংগ্রাম কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিউল হকসহ শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য রাখেন। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একই সাথে আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ২ ঘন্টা ক্লাস বর্জন ও কর্মবিরতি পালনের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
এর আগে আন্দোলনকারীরা একই দাবিতে গত ৫ ও ৬ সেপ্টেম্বর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
১৮৮৮ সালে স্থাপিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি ১২৯ বছরেও জাতীয়করণের তালিকাভুক্ত না হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে ওই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকদের মাঝে।

No comments