আর পরীক্ষা দেয়া হলো না আরজিনার
স্বপ্ন ছিল সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আলোর পথে আরো অনেক দূর এগিয়ে যাবার। কিন্তু সে স্বপ্ন পূরণ হলো না আরজিনার। মডেল টেস্ট পরীক্ষা দিয়ে ফেরার পথেই অ্যাম্বুল্যান্সের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা ময়দানদিঘি ইউনিয়নের ধনীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী ওই এলাকার আবুল কালামের মেয়ে। আরজিনা স্থানীয় দক্ষিণ গাইঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো।
স্থানীয়রা জানায়, দুপুরে বোদা উপজেলার বামাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পঞ্চম শ্রেণির গণিত বিষয়ে মডেল টেস্ট পরীক্ষা দিতে যায় আরজিনা। পরীক্ষা শেষে বিকেলে সহপাঠীদের সাথে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিল সে। বাড়ির কাছেই অটোরিকশা থেকে নেমে রাস্তা পাড় হওয়ার সময় পঞ্চগড় থেকে রংপুরগামী মা-বাবার দোয়া নামে একটি প্রাইভেট অ্যাম্বুল্যান্স দ্রুত গতিতে তাকে ধাক্কা দিলে সড়কের উপর ছিটকে পড়ে যায় আরজিনা। সে মাথায় প্রচণ্ড আঘাত পায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আকরামুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
আরজিনার বড় ভাই ফরিদুল ইসলাম বলেন, অ্যাম্বুল্যান্সটি একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে আমার বোনকে ধাক্কা দেয়। আমার বোন আর সমাপনী পরীক্ষা দিতে পারলো না। আমি ওই অ্যাম্বুল্যান্স চালকের বিচার চাই। বোদা থানার ওসি একেএম নুরুল ইসলাম স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

No comments