পঞ্চগড়ে প্রাণ গেল যুবকের !
পঞ্চগড়,২৯ শে নভেম্বর,২০১৭।
আজ বুধবার সকাল ৭ টার দিকে সড়ক দুর্ঘটনায় সুরুজ আলী(২২) নামে এক যুবকের মৃত্যু হয়। ঘটনা স্থলে গিয়ে দেখা যায় ইঞ্জিন চালিত ধান মাড়াই কলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটে পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাচ পীর ইউনিয়নের সমলুর হাট এলাকায়।
নিহত সুরুজ আলী সহ আরো তিন জন একই মাড়াই কলে কাজ করতো। আজ সকালে তারা পাশের এলাকায় ধান মাড়াই করে অন্য আরেকটি এলাকায় যাচ্ছিল তাদের ইঞ্জিন চালিত মাড়াই কলের উপরে বসে। এসময় তারা যখন সমলুর হাট অতিক্রম করছিল তখন একটি মোড় ঘুরতে গিয়ে তাদের এ দুর্ঘটনা ঘটে। এ সময় সুরুজ আলী ঘটনা স্থলেই নিহত হয় এবং বাকি তিন জনকে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, নিহত সুরুজ আলী একই ইউনিয়নের পখরী পাড়ের বোচা আলীর(৫৫) বড় ছেলে। সুরুজ গত কয়েকমাস আগে বিয়ে করেন এবং নতুন জীবন শুরু করেন। তার এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার অনেকটা দিশেহারা হয়ে পড়েছে। একই সাথে পুরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments