আজ না নতুন বছরের শুরুতে ‘ছিটকিনি’
সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ছিটকিনি (রেস্ট ইজ সাইলেন্স) কোনো কাটছাঁট ছাড়াই চলতি বছরের আগস্টে সেন্সর সনদ পায়। ছবিটি পরিচালনা করেছেন সাজেদুল আউয়াল। কাহিনী ও চিত্রনাট্যও তার। ২০১৩-১৪ অর্থবছরে অনুদান পায় ছবিটি। আজ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবার কথা থাকলেও অনিবার্য কারণবশত ছবির মুক্তির তারিখ পিছিয়ে নিয়েছেন বলে জানালেন ছবির পরিচালক সাজেদুল আউয়াল। এ প্রসঙ্গে পরিচালক বলেন, আমরা চেয়েছিলাম ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাক।
সেটা শেষ পর্যন্ত না হওয়ায়ই সিদ্ধান্ত বদলাতে হয়েছে। তাই নতুন বছরের শুরুতে ছবিটি মুক্তি দেবার সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই ছবিটি সব শ্রেণির দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করুক। জানা যায়, ছবির কাহিনী শীতকালের। কয়েক বছর ধরে শীতকালে দীর্ঘ শুটিং হয়েছে। পঞ্চগড় রেলস্টেশনে তিনি ১৯৮৩ সালে গিয়েছিলেন। তখনই তিনি ছিটকিনির চিত্রনাট্য লেখেন। ছবিটিতে অভিনয় করেছেন রুনা খান, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, মানস বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, মুসতাগিসুর রহমান বাবু, রুবলী চৌধুরী, জহিরুজ্জামান, বাউল রইসউদ্দীন সরকার, সাজাহান বাউল, সরকার হায়দার, মোস্তাক, শিশুশিল্পী আপন। একটি অংশে ‘মলুয়া’ পালা পরিবেশন করেন কেন্দুয়ার পালাশিল্পী দিলু বয়াতি ও তার দল। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
সুত্র ঃ মানবজমিন

No comments