Breaking News

চলে গেলেন শশী কাপুর





চলে গেলেন আশি ও নব্বই দশকের জনপ্রিয় নায়ক শশী কাপুর। দীর্ঘ রোগ ভোগের পর গতকাল মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। রোববার রাতেই তাকে চেস্ট ইনফেকশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে ২০১৪ সালে তার বাইপাস সার্জারিও হয়েছিল।
গত দু’দশক ধরে তিনি অবশ্য রুপালি জগতের বাইরেই ছিলেন। তিনি তিন পুত্র-কন্যা রেখে গিয়েছেন। তারা হলেন কুনাল কাপুর, সানজনা কাপুর ও করণ কাপুর। বলিউডের চলচ্চিত্রে মুখ্য ভূমিকা পালনকারী বিখ্যাত কাপুর পরিবারের অন্যতম সদস্য তিনি। বলিউডের কিংবদন্তি ব্যক্তিত্ব পৃথ্বীরাজ কাপুরের সর্বকনিষ্ঠ সন্তান শশী কাপুরের আসল নাম বলবীর রাজ কাপুর। তবে ছবির দুনিয়ায় ও ভক্তদের কাছে তিনি পরিচিত শশী নামেই। ১৯৩৮ সালে কলকাতায় শশী কাপুরের জন্ম। রাজ কাপুর ও শাম্মী কাপুরের এই ছোট ভাইটি তার পরিবারের অন্যদের মতই অভিনয় প্রতিভার গুণে সমান জনপ্রিয় ছিলেন। হিন্দি থেকে ইংরেজি বিভিন্ন ছবিতে তার অভিনয় প্রতিভা বার বার মনে জয় করেছে দর্শকদের। ১৭৫টিরও বেশি ছবিতে শশী কাপুর অভিনয় করেছেন। এর মধ্যে ৬১টি ছবিতে তিনি ছিলেন এককভাবে নায়ক। তিনবার জাতীয় পুরস্কারও পেয়েছেন। ১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় কেরিয়ারের শুরু। ‘দিওয়ার’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘কাভি কাভি’র মতো ছবিতে তিনি যেভাবে দর্শককে মুগ্ধ করেছেন তা চিরকাল সকলে মনে রাখবে। তার অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘সিলসিলা’, ‘জুনুন’, ‘কালযুগ’, ‘বিজেতা’, ‘উৎসব’।  ১৯৯১ সালে ‘আজুবা’ নামে একটি হিন্দি ছবি পরিচালনা করেন শশী কাপুর। এই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এছাড়া এই তারকা ১৯৮৮ সালে একটি রাশিয়ান ছবি পরিচালনা করেন। ২০১১ সালে ভারত সরকার তাকে ‘পদ্মভূষণ’ সম্মান দিয়ে সম্মানিত করেছে। এছাড়া ২০১৫ সালে তিনি পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কারও।

No comments