Breaking News

ঈদের আগেই চালু হচ্ছে স্বল্প বিরতির "পঞ্চগড় এক্সপ্রেস"


বিরতিহীন বনলতা এক্সপ্রেসের পর এবার দেশের দীর্ঘতম রেলপথ ঢাকা-পঞ্চগড় রুটে চালু হচ্ছে স্বল্প বিরতির আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস। ঈদের আগেই বৃহত্তর দিনাজপুরের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার এই স্বল্প বিরতির ট্রেন।



এ রেলপথ প্রথম বারের মতো দ্রুতগতির এই ট্রেন ৫৯৩ কিলোমিটার পথ পাড়ি দিবে ১০ ঘন্টায়। আগামী ২৫মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৭ মে শুক্রবার দুপুরে পঞ্চগড় রেল স্টেশন পরিদর্শন করে এসব তথ্য জানান রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

এ সময় মন্ত্রী আরও বলেন, ট্রেনটি প্রতিদিন বেলা সোয়া বারোটায় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে রাত ১০ টায় ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছবে। রাত ১২ টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চগড় পৌঁছবে। যাত্রাপথে ঠাকুরগাঁও, দিনাজপুর, পাবর্তীপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ট্রেনটি থামবে।

ঢাকা থেকে আসার পথেও এসব স্টেশনে থামবে। এই ট্রেনটিতে আধুনিক সুযোগ সুবিধা থাকলেও ভাড়া একতা ও দ্রুতযানের সমান রাখা হয়েছে। এই ট্রেনটির ৩০ শতাংশ আসন পঞ্চগড়ের জন্য, ৩০ শতাংশ দিনাজপুর, ২৫ শতাংশ ঠাকুরগাঁও এবং ১৫ শতাংশ পার্বতীপুরের জন্য নির্ধারিত থাকবে। সব মিলে প্রায় এক হাজার যাত্রী পরিবহণ করবে ট্রেনটি। পঞ্চগড় রেলস্টেশন আধুনিকায়ন ও সংস্কারের পাশাপাশি একটি ওভারব্রিজ নির্মাণ করা হবে।

এছাড়া রেল যোগাযোগ তেঁতুলিয়া বাংলাবান্ধা পর্যন্ত সম্প্রসারণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। অত্যাধুনিক পঞ্চগড় এক্সপ্রেস চালু হওয়ার মধ্য দিয়ে ঢাকা-পঞ্চগড় দেশের দীর্ঘতম রেলপথে রেলভ্রমনে নতুন মাত্রা যোগ হবে বলেও জানান মন্ত্রী।

এ সময় রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম, রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহেতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া মন্ত্রী বলেন, ইতোপূর্বে দ্রুতযান ও একতা চালু করা হয়েছিল। আটোয়ারী-বোদা উপজেলাবাসীর দাবীর প্রেক্ষিতে কিসমত স্টেশনে এই দুটি ট্রেনের স্বল্প সময়ের যাত্রা বিরতির প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্ত্রী আরো বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন ও অগ্রগতি ঘটিয়েছেন তার এই অগ্রগতির জন্য আগামী দিনে প্রধানমন্ত্রীর প্রতি সকলের সমর্থন রাখার আহবান জানাচ্ছি।

তিনি বলেন, ঢাকার সঙ্গে দূরবর্তী জেলাগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য ক্রমান্বয়ে দেশের সকল জেলার সঙ্গে দ্রুতগামী ট্রেন চালু করা হবে। ইতিমধ্যে রাজশাহী থেকে ‘বনলতা’ নামে একটি বিরতিহীন আন্তনগর ট্রেন চালু করা হয়েছে।

মন্ত্রী বলেন, নতুন ট্রেন চালু করে প্রধানমন্ত্রী বৃহত্তর দিনাজপুরবাসীকে দেয়া কথা রেখেছেন। তাদের দাবির প্রতি সম্মান দেখিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সকলকে এগিয়ে আসার আহবান। ঈদ উপহার হিসেবে বৃহত্তর দিনাজপুরবাসীর জন্য প্রধানমন্ত্রী এই ট্রেন দিয়েছেন।

No comments