এবার পঞ্চগড়ের স্কুলে ‘সততা স্টোর’
দোকানের তাকে সাজানো রয়েছে নানান জিনিসপত্র। দেয়ালে টাঙানো আছে পণ্যগুলোর দামের তালিকাও। তবে এ দোকানে নেই কোনও দোকানি! তবু সওদাপাতি নিয়ে চুপচাপ কেটে পড়ছেন না কেউ-ই; তালিকা দেখে দামটা ঠিকই রেখে যাচ্ছে তাকের ড্রয়ারে। কারণ, এ দোকানের নাম ‘সততা স্টোর’। শিক্ষার্থীদের সততা অনুশীলনের সুযোগ করে দিতে দোকানটি খোলা হয়েছে এবার পঞ্চগড় সদরের মাঘই পানিমাছ পুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে।
দুর্নীতি দমন কমিশনের (দুদকের) উদ্যোগে এ দোকান চালু করা হয়েছে। প্রধান অতিথি থেকে বুধবার (১৬ আগস্ট) বিকালে এটি উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ওয়াদুদ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. গোলজার হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান মুছা কলিমুল্লাহ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জেকের।

No comments