Breaking News

নাইমার সাথে বিবাহ বন্ধনে তাসকিন


দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাসকিনের স্ত্রী রাবেয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতি বিভাগের স্নাতক শিক্ষার্থী। জাতীয় দলের পেস সেনসেশনও পড়ছেন একই বিশ্ববিদ্যালয়ে।

রাতে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন নিজেই। যদিও এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ২২ বছর বয়সী পেসার।

তার বাবা এম এ রশিদ মনু অবশ্য জানান, তাসকিন দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগেই বিয়ের সব কিছু গুছিয়ে গিয়েছিল। তাই হুট করে বিয়ে হয়নি। তাসকিন আর রাবেয়া একে অপরকে পছন্দ করে। গত বছর তাদের বাগদানও হয়েছে। বিপিএলের আগে তাসকিনকে চিটাগং ভাইকিংস দলে যোগ দিতে হবে। তাই দ্রুত বিয়ের কাজটা শেষ করতে হয়েছে। তাই আপাতত কাছের মানুষজন ছাড়া কাউকে জানানো হয়নি। সামনে সময় বের করে অনেক বড় অনুষ্ঠান করা হবে।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার সকালে ঢাকায় ফিরেছেন তাসকিন। ঢাকার পা রাখার ১২ ঘন্টা যেতে না যেতেই শুভ কাজটা সেরে ফেললেন এ গতিতারকা।

বিয়েতে সতীর্থদের দাওয়াত করেছেন তাসকিন। বিপিএল নিয়ে ব্যস্ততা থাকায় বেশিরভাগ খেলোয়াড়ই উপস্থিত হতে পারেননি অনুষ্ঠানে। তবে পরিবারকে সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মুর্তজা।

No comments