ঢাকাকে উড়িয়ে দিল সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে দিয়েছে সিলেট সিক্সার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নদের বিপক্ষে স্বাগতিকদের জয় ৯ উইকেটের বড় ব্যবধানে।
প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।
১৩৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ ব্যাটিং করে সিলেট। উদ্বোধনী জুটিতেই উপুল থারাঙ্গা এবং আন্দ্রে ফ্লেচার মিলে সংগ্রহ করেন ১২৫ রান। ৫১ বলে ব্যক্তিগত ৬৩ রানে আদিল রশিদের বলে ফেরেন ফ্লেচার। এরপর সাব্বিরকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন ৪৮ বলে ৬৯ রান করা থারাঙ্গা। সাব্বির অপরাজিত থাকেন ২ রানে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ঢাকা। ওভারের শেষ বলে নাসিরকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন মেহেদী মারুফ। এরপর শ্লথগতির ৫৪ রানের জুটি গড়ে দলকে কিছুটা এগিয়ে নেন এভিন লুইস ও এবং কুমার সাঙ্গাকারা। কিন্তু দলীয় ৫৬ রানে ব্যক্তিগত ২৬ রান করে নাসিরের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন লুইস। বেশিক্ষণ টিকতে পারেননি সাঙ্গাকারাও। ২৮ বলে ৩২ রান করে প্লাঙ্কেটের বলে আউট হন তিনি। এরপর সাকিব (২৩) ও দেলপোর্ট (২০) ছাড়া বাকিরা দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হলে ১৩৬ রানে থামে ঢাকার ইনিংস।
সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন নাসির, প্লাঙ্কেট এবং আবুল হাসান।

No comments