Breaking News

পঞ্চগড়ে চমক দেখাতে পারেন বড় দুই দলের নতুন প্রার্থীরা


দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের দুটি আসনে আওয়ামী লীগ-বিএনপিতে দ্বন্দ্ব-কোন্দল থাকলেও সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগ ও প্রচার প্রচারণা শুরু করেছেন। আগামী নির্বাচনে মনোনয়ন পেতে লবিং গ্রুপিংও করছেন। প্রার্থীরা নিজেদের চেনাতে ও নেতাকর্মী সমর্থকদের পক্ষে আনতে শহর থেকে শুরু করে গ্রামে-গঞ্জে যাতায়াত অব্যাহত রেখেছেন। ধীরে ধীরে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানসহ সভা সমাবেশ ও উঠোন বৈঠক শুরু করেছেন। ব্যানার, ফেস্টুন লিফলেট লাগিয়ে ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছেন। নতুন প্রার্থীরা শোডাউন করে নিয়মিত গণসংযোগ করছেন। এবার নতুন প্রার্থীরা চমক দেখাতে পারেন। তারা মাঝেমধ্যেই এলাকায় এসে নেতাকর্মী সমর্থকদের করে দৌড়ঝাঁপ করছেন।

পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা সমন্বয়ে পঞ্চগড়-১ আসন গঠিত। পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের পঞ্চগড় জেলা কমিটির সহ-সভাপতি সাবেক সংসদ মো. মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সাবেক স্পিকার ও আইনমন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজের জামাতা, আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. মনির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা নৌকার মাঝি হতে চান। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমিরউদ্দিন সরকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক  সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির (সাবেক স্পিকার জমিরউদ্দিনের ছেলে), পঞ্চগড় পৌরসভার একাধিকবার নির্বাচিত মেয়র মো. তৌহিদুল ইসলাম মনোনয়ন চাইবেন। পঞ্চগড়-১ আসনের বর্তমান সাংসদ জাসদের (নুরুল আম্বিয়া-নাজমুল হক) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান   জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কাছে মনোনয়ন চাইবেন। তবে জোট থেকে মনোনয়ন না পেলেও তিনি নির্বাচনে অংশ নেবেন। অপরদিকে ২০ দলীয় জোট থেকে এ আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের মেয়ে জাগপার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জুঁই মনোনয়ন চাইবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক মনোনয়ন চাইবেন। জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচনে না আসলে তিনি জাতীয় পার্টির পক্ষে নির্বাচনে অংশ নেবেন। বিএনপি ও জামায়াত জোটবদ্ধভাবে নির্বাচন না হলে জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল খালেক স্বতন্ত্র প্রার্থী হবেন।

বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-২ আসনে বর্তমান সংসদ সদস্য পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এ আসনে আওয়ামী লীগের একজন শক্তিশালী প্রার্থী। এছাড়া বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. মো. শাহজাহান মন্ডল, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক চিশতি মনোনয়ন চাইবেন। অপরদিকে বিএনপির সাবেক এমপি মরহুম মোজাহার হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি মো. শফিউল আলম প্রধানের মৃত্যুর পর গ্রহণযোগ্য প্রার্থী সংকটে পড়েছেন বিএনপি জোট। আপাতত এ আসনে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, সাকোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাকোয়া গার্লস স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতা নীতিশ কুমার বকসি ওরফে বাবু মুকুল বকসী এবং সাবেক সাংসদ মোজাহার হোসেনের সহধর্মিণী বিলকিস নারগিস হোসেন মনোনয়ন চাইতে পারেন। জোটের হয়ে প্রার্থিতা দাবি করবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বোদা মহিলা কলেজের অধ্যাপক এমরান আল আমিন। জোটের মনোনয়ন না পেলে জাসদের হয়ে নির্বাচনে অংশ নেবেন। বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা সফিউল্লাহ সুফি জোটের পক্ষে মনোনয়ন চাইবেন।

সুত্র ঃ দৈনিক ইত্তেফাক 

No comments